ঢাকা: সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের চরম গাফিলতি, কাজ না করে ফেলে রাখা এবং তদারকির অভাব নিয়ে জাতীয় সংসদে গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নিজের নির্বাচনি এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত বেহাল পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘সংসদে অনেক কিছু বলতে পারি না, তবে বাস্তব অবস্থা অত্যন্ত ভয়াবহ।’
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক বক্তব্যের পর সভাপতির আসন থেকে ডেপুটি স্পিকার এসব মন্তব্য করেন। একইসঙ্গে তিনি উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে নিয়মিত পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) কঠোর নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।
ডেপুটি স্পিকার বলেন, অনেক এলাকায় বছরের পর বছর পার হয়ে গেলেও উন্নয়নকাজ শুরুই হয় না। আবার কিছু জায়গায় কাজ শুরু করার পর ঠিকাদারদের আর কোনো সন্ধান পাওয়া যায় না—এমন ঘটনা অহরহ ঘটছে। পিডিদের চেয়ার ছেড়ে মাঠপর্যায়ে গিয়ে কাজের বাস্তব অগ্রগতি তদারকি করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
এর আগে সংসদ সদস্য মো. কামরুল হাসান তার নির্বাচনি এলাকা ফুলবাড়িয়ার সনকান্দা, মোহাম্মদনগর ১০ মাইল এবং ভবানীপুরের কচুয়া সড়কসহ বিভিন্ন অবকাঠামোর বেহাল চিত্র সংসদে তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরসহ বিভিন্ন দফতরের বিপুল বাজেটের প্রকল্পগুলোর কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন কাজ শুরু করে না বা অর্ধেক করে ফেলে রাখে। ফোন করেও ঠিকাদারদের পাওয়া যায় না। এতে একদিকে জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে, অন্যদিকে সরকারি অর্থের অপচয় ও প্রকল্পের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাড়ছে। এ ধরনের অনিয়ম বন্ধে দায়ী ঠিকাদারদের দ্রুত জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানান তিনি।