সবুজে ঘেরা প্রাচীন রোমান ও অটোমান স্থাপত্যের ঐতিহ্যবাহী শহর আনতালিয়া। ভূমধ্যসাগরের নীল জলরাশি, পাহাড় আর মনোরম প্রাকৃতিক পরিবেশের কারণে শহরটি তুরস্কের পর্যটন রাজধানী হিসেবেও পরিচিত। তবে এখন পর্যটনের পাশাপাশি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই শহর। কারণ, এখানে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)।
বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবিদ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) আনতালিয়ায় পৌঁছেছে।
জলবায়ু অর্থায়ন, অভিযোজন, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদার—এবারের সম্মেলনে এসব বিষয় গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন ও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে বিশ্বনেতাদের অবস্থান কী হয়, সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় আনতালিয়ার এক্সপো সেন্টারে কপ-৩১-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্বাগতিক দেশ তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং সম্মেলনের সভাপতি মুরাত কুরুম এতে সভাপতিত্ব করছেন। অন্যদিকে সম্মেলনের আলোচনাপর্ব পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। ১১ দিনব্যাপী এই সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববাসীর দৃষ্টি এখন আনতালিয়ায়
সবুজ গাছপালায় ঘেরা আনতালিয়া শহর। শীতের আবহে মনোরম পরিবেশ, একদিকে পাহাড়, অন্যদিকে ভূমধ্যসাগরের নীল জলরাশি। এমন নান্দনিক শহরেই এখন জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, পরিবেশকর্মী, গবেষক ও সাংবাদিকরা। জলবায়ু সংকটের সমাধান খুঁজতে শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা।
মঙ্গলবার বিকেলে সম্মেলনস্থলে গিয়ে দেখা যায়, বিভিন্ন দেশের পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সরব উপস্থিতি। কেউ অংশ নিচ্ছেন আলোচনায়, কেউ বিভিন্ন দেশের প্যাভিলিয়নে নিজেদের কার্যক্রম তুলে ধরছেন, আবার কেউ জলবায়ু সংকটের প্রভাব ও সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করছেন।
নেদারল্যান্ডস থেকে আসা পরিবেশকর্মী রিচার্ড জুলিয়াস বলেন, ‘কী চমৎকার শহর! মন জুড়িয়ে যায়। আমি কপ-৩১-এ যোগ দিতে এসেছি।’ সম্মেলনের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কীভাবে সহযোগিতা করা যায়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।’
কেন সম্মেলনের স্থান আনতালিয়া?
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আনতালিয়া। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শহরটির ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিমানবন্দর, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত হোটেল এবং বড় পরিসরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের অবকাঠামো থাকায় শহরটি এ ধরনের আয়োজনের জন্য উপযুক্ত।
তুরস্কের ইস্তাম্বুলের সাবানজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাকিস্তানি নাগরিক শাহবাজ খান বলেন, ‘ইস্তাম্বুলে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কনকনে শীত। গতবছর এই সময়ে এমন আবহাওয়া ছিল না। এর কারণ কী?’
জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবার তুরস্কের আনতালিয়া সম্মেলনের দিকে আমাদের সবার দৃষ্টি। উন্নত দেশগুলো এ বিষয়ে কী ভূমিকা নেয়, কোন কোন বিষয়ে ঐকমত্য হয়, সেটাই দেখার অপেক্ষায় আছি। কারণ, বিগত কপ সম্মেলনগুলোতে অনেক আলোচনা হয়েছে, কিন্তু প্রত্যাশিত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়ে গেছে।’
আনতালিয়াকে সম্মেলনের স্থান হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহবাজ বলেন, ‘আমার বিশ্লেষণে, শহরটির ভৌগোলিক অবস্থান অন্যতম কারণ। আনতালিয়া সভ্যতা ও সংস্কৃতির সেতুবন্ধ হিসেবে কাজ করে। জলবায়ু বিষয়ে কূটনৈতিক প্রতিশ্রুতি এবং মাঠপর্যায়ের বাস্তবায়নের মধ্যে দূরত্ব ঘোচানোর জন্য এমন একটি আন্তর্জাতিক শহর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
ইতালি থেকে আসা পরিবেশকর্মী মিজ সোনারিও বলেন, ‘ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই শহরটিও জলবায়ু পরিবর্তনের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি। পানির সংকট, তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকি রয়েছে। ফলে জলবায়ু সংকটের বাস্তব চিত্র আলোচনার টেবিলে তুলে ধরে সমাধানের পথ খুঁজে বের করাই এবারের সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।’
জলবায়ু অর্থায়নে বাংলাদেশের প্রত্যাশা
সম্মেলনস্থলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্যাভিলিয়ন রয়েছে। এসব প্যাভিলিয়নে দেশগুলোর জলবায়ু কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ উদ্যোগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প তুলে ধরা হচ্ছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার অংশগ্রহণ।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপের পূর্ণরূপ ‘কনফারেন্স অব দ্য পার্টিজ’। ১৯৯২ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) গৃহীত হওয়ার পর এর সদস্যদেশগুলো প্রতিবছর এই সম্মেলনে মিলিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আলোচনা করে আসছে। ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয় কপের প্রথম সম্মেলন।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, প্রতিনিধি, বিজ্ঞানী, গবেষক এবং পরিবেশবিদরা এই সম্মেলনে অংশ নেন। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদার করাই এসব সম্মেলনের মূল লক্ষ্য।
বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, ‘এবারের সম্মেলন থেকে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন প্রত্যাশা করে। এখন আর শুধু প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন চাইবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।’
তিনি আরও বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত দেশগুলো চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এখনই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে না পারলে সামনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এ বিষয়ে আর দেরি করার সুযোগ নেই।’
সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি
আনতালিয়া বিমানবন্দর থেকে সম্মেলনস্থল এক্সপো সেন্টারের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বিমানবন্দর থেকে সম্মেলনস্থল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ‘ওয়েলকাম আনতালিয়া’ লেখা বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তুরস্কের জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন দেশের পতাকায় সাজানো হয়েছে সম্মেলন এলাকা।
গণমাধ্যমকর্মীদের জন্য রয়েছে বিশাল মিডিয়া সেন্টার। সংবাদ সংগ্রহ, তথ্য আদান-প্রদান ও কাজের সুবিধার্থে রাখা হয়েছে প্রয়োজনীয় অবকাঠামো এবং বিনা মূল্যে ওয়াই-ফাই ব্যবহারের ব্যবস্থা। সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য পানি, পানীয়, চকলেট, আপেলসহ বিভিন্ন ফলও সরবরাহ করা হচ্ছে।
বুধবার শুরু বিশ্বনেতাদের জলবায়ু সম্মেলন
কপ-৩১-এর অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এতে যোগ দেবেন।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে।
সব মিলিয়ে আনতালিয়া এখন শুধু পর্যটননগরী নয়, বৈশ্বিক জলবায়ু কূটনীতির গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র। জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি কতটা বাস্তব পদক্ষেপে রূপ নেয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের পথ কতটা সুগম হয় এবং বিশ্বনেতারা কতটা ঐকমত্যে পৌঁছান—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন বিশ্ববাসীর নজর তুরস্কের আনতালিয়ায়।