ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ করে তুলতে ‘কোর প্রশিক্ষক’ তৈরির প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় মোট ৮৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)।
বুধবার (১১ নভেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় ইটিআই ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মোট তিনটি ব্যাচে ৮৫ জন কর্মকর্তাকে দুই দিনব্যাপী এই কোর ট্রেইনার প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তীতে মাঠ পর্যায়ে ভোটগ্রহণে সম্পৃক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।
ইটিআই-এর উপপরিচালক (স্থানীয়) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রথম ব্যাচের প্রশিক্ষণ ১০-১১ নভেম্বর, দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ১১-১২ নভেম্বর এবং তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ ১২-১৩ নভেম্বর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের ইউপি নির্বাচন মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে ৪৬ হাজার ৩৯৭টি। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ৪২৫টি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে দুই লাখ দুই হাজার ১৫৯টি এবং অস্থায়ী ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৭৩৯টি।
উল্লেখ্য, দেশে মোট চার হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে।