Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অক্টোবরে শিশুসহ ৩৬ ভিকটিম ও ৬৫৫ মোবাইল উদ্ধার এপিবিএন’র

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৫:৪৬

এপিবিএন হেডকোয়ার্টার্সে সংবাদ ব্রিফিং। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশজুড়ে গোয়েন্দা তৎপরতায় অক্টোবর মাসে নিখোঁজ চার শিশু, ৩২ জন ভিকটিম এবং ৬৫৫টি মোবাইল ও সোনা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিভিন্ন ইউনিট।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এপিবিএন হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং, ‘ল’ অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান।

নিখোঁজ শিশু ও ভিকটিম উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘মানবিক কার্যক্রমে চার নিখোঁজ শিশু এবং ৩২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আর এ সংক্রান্ত একটি মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’

মোবাইল ফোন উদ্ধার ও সাইবার অপরাধ দমনের বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা কর্তৃক তথ্যপ্রযুক্তির সহায়তার ভিত্তিতে অক্টোবরে বিভিন্ন ইউনিট ৬৫৫টি হারানো মোবাইল ফোন, চারটি হ্যাকড ফেসবুক আইডি, দু’টি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং একটি ইমু অ্যাকাউন্ট উদ্ধার করেছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, এ ছাড়া, ৯৯৯-এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা দেওয়া হয়েছে। সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং পাঁচটি মোবাইল, নগদ ৫০০ টাকা, ১৫টি সিম কার্ড এবং বিকাশ-নগদ প্রতারণার ৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

অস্ত্র, মাদক উদ্ধারের তথ্য জানিয়ে তিনি বলেন, ‘অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি, দু’টি গুলির খোসা, বিভিন্ন ধরনের ছয়টি ছুরি এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত চারটি মামলায় ছয় জনকে গ্রেফতার করা হয়। আর মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ দশমিক শূন্য ৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ৭৪০ কার্টন সিগারেট এবং মাদক বিক্রির ৮২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়টি মামলা দায়ের ও সাত জনকে গ্রেফতার করা হয়েছে।’

চোরাচালান ও বৈদেশিক মুদ্রার বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘এপিবিএন-এর অভিযানে ১ দশমিক ৮৪৪ কেজি সোনার বার ও অলংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা। এ সংক্রান্ত ১৩টি মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, নিষিদ্ধ ঘোষিত সামুদ্রিক কাঁকড়া (৭৬০ কেজি), কসমেটিকস (৩৯৬ কেজি), শাড়ি ও থ্রি-পিস (৬৩ পিস), খাদ্যদ্রব্য, ফেব্রিক্স, মেডিসিন, অনুমোদনহীন সিএনজি (৭টি) সহ বিভিন্ন চোরাচালান সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ১ লাখ ১২ হাজার ৩৩০ বাংলাদেশি টাকা এবং ৩০ কুয়েতি দিনার উদ্ধার করা হয়।’

তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় ৪১৫টি মামলায় ১২ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ৫০টি মামলায় ১৬ লাখ ৩৯ হাজার ৮৮১ টাকা জরিমানা ও সাজা দেওয়া হয়েছে এবং ২৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, ৩২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাত জন এজাহারনামীয় আসামি, মানব পাচার মামলায় তিন জন, হত্যা মামলায় তিন জন এবং নয় জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়। চুরি ও অপহরণ মামলায় যথাক্রমে তিন জনকে গ্রেফতার এবং পলায়নকালে সাত জন এফডিএমএন সদস্যকে আটক করা হয়েছে।

মামলাসংক্রান্ত কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন, ‘অক্টোবর মাসে ৮, ১৪ ও ১৬ এপিবিএন-এর মাধ্যমে মোট ২৮টি (জিআর/সিআর) মামলা করা হয়েছে। মামলাগুলোতে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং নাগরিক সেবা আরও সহজতর করতে এপিবিএন ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর