কুষ্টিয়া: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে একটি ছাগল পুড়ে মারা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের দাদার পুরোনো টিনশেড বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্র জানায়, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে মূলত গবাদিপশু পালন করা হতো। তাবাসসুমের বাবা আব্দুল হালিম বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি স্থানীয়ভাবে ‘টম মাস্টার’ নামে পরিচিত, ওই বাড়ির পাশেই নিজ বাড়িতে বসবাস করেন।
এদিকে, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
তবে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।