Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ৭ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১০:০৭

উপাচার্যের হাত থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন একজন শিক্ষার্থী।

খুলনা: মেধা ও কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাত শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া, প্রথমবারের মতো মাস্টার্স ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষে ভালো ফলাফল অর্জনের জন্য ৩৩ শিক্ষার্থীকে অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

২০২৫ সালের অ্যাকাডেমিক ফলাফলের ভিত্তিতে তারা এ সম্মাননা অর্জন করেন।

বিজ্ঞাপন

ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শাহ মাইমুন নাসির, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মেহেরুন নেসা পুষ্পিতা, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া হাকিম ফাল্গুনী, ফার্মেসি ডিসিপ্লিনের নাইমুর রহমান মুন্না, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. ইমাম হাসান নাইম, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের মিম খাতুনএবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের জান্নাতি চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনুর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিন’স অ্যাওয়ার্ডের মতো অর্জন সারাজীবনের জন্য একটি অন্যতম প্রাপ্তি। এ ধরনের স্বীকৃতি জীবনের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। স্নাতক-পরবর্তী সময়ে এসব স্বীকৃতি বিভিন্ন সফলতা অর্জনে মুখ্য ভূমিকা পালন করে। অ্যাকাডেমিক এই স্বীকৃতির পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী শক্তির প্রতি উপাচার্য বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো তুলে ধরে বাংলাদেশের উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, জীববিজ্ঞানে পড়াশোনা ও গবেষণা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জীববিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে এসব ক্ষেত্রে অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, গবেষণায় নিজেকে শানিত করতে পারলেই সারা বিশ্ব উন্মুক্ত। ডিন’স অ্যাওয়ার্ডের পাশাপাশি প্রথমবারের মতো অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, কৃতী শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ডপ্রাপ্তি অত্যন্ত আনন্দ ও গর্বের। একটি অর্জন অন্য আরেকটি অর্জনে উৎসাহিত করে। শিক্ষাজীবনের এ স্বীকৃতি কর্মজীবনেও অনুপ্রেরণা জোগাবে। অন্যদের থেকে আলাদা হওয়ার পাশাপাশি অনুকরণীয় হয়ে উঠতে হবে।

জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. নবীউল ইসলাম খান। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আসাদুজ্জামান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শাহ মাইমুন নাসির, ফার্মেসি ডিসিপ্লিনের মো. মোহাইমিনুল ইসলাম ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের আমিনা আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রভাষক নওরিন আহসান হাবিব।

এ সময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর প্রধান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর