রংপুর: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে গ্যাসের মাত্রা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হওয়া চীনা নাগরিক মি সিং সিয়াওজুনের (৪৩) মৃতদেহ আট ঘণ্টার বেশি সময় পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে খনির ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি, খনি শ্রমিকদের কেউ কেউ ভূগর্ভে অক্সিজেনের ঘাটতিকে কারণ বলে ধারণা করছেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিং সিয়াওজুন খনির ভেন্টিলেশন বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও খনি সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে নির্ধারিত শিফটে দায়িত্ব পালনের জন্য দুই বাংলাদেশি সহকর্মীকে নিয়ে ভূগর্ভে নামেন সিং সিয়াওজুন। কাজের অংশ হিসেবে খনির মিডল স্টেশন-৩ এলাকায় ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়ালের পাশে কার্বন মনোক্সাইড ও হায়ার হাইড্রোকার্বন গ্যাসের মাত্রা পরিমাপ করতে যান তিনি। এ সময় দুই বাংলাদেশি শ্রমিককে মিডল স্টেশন-৫ এলাকায় গ্যাস পরিমাপের কাজে পাঠিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসে অবস্থান করেন।
খনিশ্রমিক সূত্রে আরও জানা যায়, রাত ৩টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়েও তিনি ফিরে না আসায় সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি করেন এবং বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানান। মঙ্গলবার সকাল ৭টায় শিফটের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি ভূগর্ভ থেকে ফিরে না আসায় সহকর্মীরা পুনরায় কন্ট্রোল রুমে অবহিত করেন।
এরপর খনির উদ্ধারকারী দল (রেসকিউ টিম) অনুসন্ধান চালিয়ে ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়াল থেকে প্রায় ৩০ মিটার দূরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সেলিম জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল করা হয়েছে। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ‘শুনেছি তিনি হার্টের রোগী ছিলেন। কেন কিভাবে মারা গেলেন তা নিশ্চিত হওয়া যায়নি।”। তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
খনি কর্তৃপক্ষ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি। তবে কয়েকজন খনি শ্রমিকের ধারণা, ভূগর্ভে অক্সিজেনের স্বল্পতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের নিজস্ব দফতর এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনিতে বর্তমানে প্রায় ২০০ চীনা শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানা যায়।