২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই দলের সদস্য ছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই জয়ের পর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। কিন্তু আরেকটি সাফ ট্রফি জয়ের অপেক্ষা ফুরায়নি। হামজা চৌধুরীর নেতৃত্বে এবার সেই অপেক্ষার অবসান ঘটবে বলে প্রত্যাশা আমিনুল হকের।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের দাপুটে জয় গ্যালারিতে বসে উপভোগ করেছেন সাবেক এই তারকা গোলরক্ষক। উত্তরসূরিদের পারফরম্যান্সে মুগ্ধ আমিনুল মনে করেন, হামজার হাত ধরেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সাফ শিরোপা জিততে পারে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দলের পারফরম্যান্সের পাশাপাশি হামজাকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান তিনি। আমিনুল বলেন, ‘হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক কিংবদন্তি খেলোয়াড়। আমার বিশ্বাস, তার হাত ধরেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাফ শিরোপা জিততে পারব।’
শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া বড় জয়ে দলের সম্মিলিত প্রচেষ্টাকেই কৃতিত্ব দিয়েছেন সাবেক এই গোলরক্ষক। তাঁর চোখে, ম্যাচে বাংলাদেশের প্রতিটি গোলই ছিল অসাধারণ। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি পুরো দলের নিবেদন তাঁকে মুগ্ধ করেছে।
বিশেষ করে তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াসিমের পারফরম্যান্স নজর কেড়েছে আমিনুলের। মাঠে নামার আগে নতুন এই ফুটবলারের আবেগঘন মুহূর্তও ছুঁয়ে গেছে তাঁকে। ফারহান সম্পর্কে আগে খুব বেশি জানা না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
শ্রীলংকাকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ। সেমিফাইনাল সামনে রেখে নিজের আশাবাদের কথা জানিয়ে আমিনুল হক বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমি সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাব, দর্শকরা যেন সবাই মাঠে এসে খেলা দেখেন।’