Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশি মুদ্রার হিসাব ও লেনদেনে নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৯:৪১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ২০:৪৯

কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা:দেশে বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনা, আমদানি-রফতানি লেনদেন এবং বিদেশি বিনিয়োগ সহজ করতে সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারের পাশাপাশি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) খোলার ব্যবস্থা করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির অর্থ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ (এফইপিডি-২) এ-সংক্রান্ত একটি সমন্বিত সার্কুলার জারি করেছে।

বিজ্ঞাপন

সার্কুলারে বিদেশি নাগরিক ও অনাবাসীদের বৈদেশিক মুদ্রা এবং টাকায় পরিচালিত বিভিন্ন হিসাব খোলা, পরিচালনা, অর্থ জমা, উত্তোলন ও বিদেশে পাঠানোর নিয়ম একত্র করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর আওতায় জারি করা আগের বিভিন্ন নির্দেশনা সহজে অনুসরণের জন্য এক জায়গায় সংকলন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তনও আনা হয়েছে। সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এ সময়ে জারি করা নতুন নির্দেশনাগুলোও এর সঙ্গে সমন্বয় করে পড়তে হবে।

নতুন নির্দেশনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির অর্থের একটি অংশ বৈদেশিক মুদ্রায় রাখার সুযোগ। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এ সুবিধা পাবে।
সার্কুলার অনুযায়ী, এ ধরনের লেনদেন থেকে পাওয়া মোট বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাবে রাখা যাবে। বাকি ৮৫ শতাংশ টাকা মুদ্রায় ভাঙাতে হবে। সংরক্ষিত অর্থ বৈধ চলতি হিসাবের বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য কর ও ভ্যাট পরিশোধ নিশ্চিত করতে হবে।
এ সুবিধা নিতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত পেমেন্ট গ্রহণের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে গ্রাহকের পরিচিতি যাচাই (কেওয়াইসি), অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত নিয়ম মানতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সহজ করতে ব্যাংকগুলোকে অনলাইনভিত্তিক ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশে না এসেই নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট বা এনআইটিএ খোলার আবেদন করতে পারবেন।
ব্যাংকের ওয়েবসাইটে হিসাব খোলার পদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে হবে। আবেদনকারীরা অনলাইনে ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে পারবেন। ব্যাংক আবেদনকারীর তথ্য ও নথি যাচাই করে অর্থ জমা দেওয়ার পরামর্শ দেবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও হিসাব খোলার জন্য অর্থ গ্রহণ করতে পারবে ব্যাংকগুলো। অর্থ জমা হওয়ার পর হিসাবধারীকে পিন কোড দিতে হবে, যাতে তিনি বিদেশে বসেই অনলাইন প্ল্যাটফর্মে নিজের হিসাব পরিচালনা করতে পারেন।
এনআইটিএ খোলার ক্ষেত্রে আবেদনকারীর বৈধ পাসপোর্ট, ছবি, ঠিকানার প্রমাণ, আয়ের নির্ভরযোগ্য উৎস এবং মনোনীত ব্যক্তি বা অনুমোদিত প্রতিনিধির পরিচয়সংক্রান্ত নথি নিতে হবে।

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এনআইটিএর অর্থ দিয়ে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার সুযোগ রাখা হয়েছে। এত দিন এ হিসাবের মাধ্যমে মূলত দেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগের ব্যবস্থা ছিল। নতুন নির্দেশনায় বিনিয়োগের পরিধি বাড়ানো হয়েছে।
তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ডকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন থাকতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা কেবল বিএসইসি অনুমোদিত প্রসপেক্টাসের ফান্ডের ইউনিট কিনতে পারবেন। বিদেশি বিনিয়োগকারীদের নামে ইউনিট ইস্যুর ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগকে জানাতে হবে।
মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া লভ্যাংশ প্রযোজ্য কর পরিশোধের পর এনআইটিএ হিসাবে জমা করা যাবে। ইউনিট বিক্রির অর্থ এনআইটিএতে জমা করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ ক্ষেত্রে ফান্ডের নিট সম্পদমূল্য (এনএভি) নিয়মিত প্রকাশ এবং তালিকাবহির্ভূত শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগের পরিমাণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

বিদেশে কর্মরত ও উপার্জনকারী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার হিসাব খোলার ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসীরা প্রাথমিক জমা ছাড়াই এ ধরনের হিসাব খুলতে পারবেন। নিজেরা হিসাব পরিচালনার পাশাপাশি বাংলাদেশে অন্য কাউকে মনোনীত করেও পরিচালনার সুযোগ পাবেন।
বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশে সাময়িক সফরে এসে ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আনলে তা কাস্টমসে যথাযথভাবে ঘোষণা সাপেক্ষে বৈদেশিক মুদ্রার হিসাবে জমা করতে পারবেন। প্রবাসীদের বৈদেশিক মুদ্রার হিসাব থেকে বিদেশে অর্থ পাঠানো এবং দেশে টাকায় খরচ করার সুযোগও রাখা হয়েছে।
এ ছাড়া দেশে ফেরার সময় সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব পরিচালনার নিয়মও সংকলিত হয়েছে। এ হিসাবের অর্থ বিদেশে পাঠানো, ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার মতো বৈধ চলতি ব্যয়ে ব্যবহার করা যাবে। শর্ত পূরণ সাপেক্ষে এ হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড দেওয়ার সুযোগ রয়েছে।

অনুমোদিত বিদেশি ঋণের অর্থ ব্যবহারে সুবিধা দিতে নির্ধারিত ব্যাংকগুলোকে ঋণগ্রহীতার নামে বৈদেশিক মুদ্রার হিসাব খোলার অনুমতি দেওয়া হয়েছে। এসব হিসাবে বিদেশি ঋণের অর্থ জমা রাখা যাবে। তবে ঋণ অনুমোদনের শর্ত অনুযায়ী আমদানি, প্রকল্প বাস্তবায়নের বৈধ সেবা ব্যয় এবং অনুমোদিত স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে অর্থ ব্যবহার করতে হবে।
ঋণের অর্থ ব্যবহারের হিসাব নির্ধারিত ফরমে প্রতি তিন মাস পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে জমা দিতে হবে। ঋণের অর্থ উত্তোলন ও ব্যবহার শেষ হলে সাধারণত হিসাব বন্ধ করতে হবে। তবে ঋণচুক্তিতে কিস্তি পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা ধরে রাখার শর্ত থাকলে নির্দিষ্ট সীমার মধ্যে হিসাব চালু রাখা যাবে।

সমন্বিত সার্কুলারে বিদেশি বিনিয়োগকারীদের মূলধনি বিনিয়োগের অর্থ, প্রবাসী বাংলাদেশিদের নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাব, বিদেশি ব্যাংকের ভস্ট্রো হিসাব এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনার নিয়মও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনএফসিডি হিসাবে প্রবাসী বাংলাদেশিরা এক মাস, তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদি আমানত রাখতে পারবেন। এ হিসাবের প্রাথমিক জমার পরিমাণ কমপক্ষে এক হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। বিদেশি নাগরিক, বিদেশি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শতভাগ বিদেশি মালিকানাধীন নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের আমানতের ন্যূনতম পরিমাণ ২৫ হাজার ডলার।
এ ছাড়া বিদেশি শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশে পরিচালিত বৈদেশিক মুদ্রার হিসাবে জমা করার সুযোগ রাখা হয়েছে। বিদেশি বিনিয়োগের অর্থ গ্রহণ ও ব্যবহারের জন্য অস্থায়ী বৈদেশিক মুদ্রার হিসাব খোলার ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব হিসাব পরিচালনার ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে গ্রাহকের পরিচিতি যাচাই, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং প্রয়োজনীয় প্রতিবেদন দাখিলের নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর