ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬’ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর জাতীয় সংসদে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপির অনুপস্থিতিতে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থনে সভাপতিত্ব করেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। কার্যসূচি অনুযায়ী, বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত ‘পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬’-এর বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ করা হয়।
আলোচনাকালে কমিটির সদস্যরা বিলটির আইনগত ও প্রায়োগিক দিকগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করেন। রাষ্ট্রীয় কেনাকাটা ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল, আধুনিক এবং ত্রুটিমুক্ত করতে বিলটিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। সব দিক বিবেচনা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে তা জাতীয় সংসদে পেশ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় সংসদীয় কমিটি।
বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোঃ শওকতুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মোঃ সাইফুল আলম এবং মোঃ রাশেদুল ইসলাম রাশেদ অংশগ্রহণ করেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।