ঢাকা: কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারের জবাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সংসদে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। যে টিনশেড আধা-পাকা ঘরটিতে অগ্নিকাণ্ড ঘটেছে, তার থেকে ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তার বাবা-মা বসবাস করেন। ওই টিনশেড ঘরটিতে কেউ থাকতেন না; সেখানে কেবল কিছু আসবাবপত্র ও দুটি ছাগল ছিল।
ঘটনার পরপরই প্রশাসনের তৎপরতার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ বা দেওয়ালে এর কোনো চিহ্ন পাওয়া যায়নি, এমনকি কোনো সাক্ষীও এমন তথ্য দেননি। ঘরটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক ওয়্যারিং দুর্বল থাকায় শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনেই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।