ঢাকা: ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনও বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘দেশে যাতে আর কোনো মব সৃষ্টি না হতে পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’
আগুনসন্ত্রাস আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলাবাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে।’
এ ছাড়া, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ ছাড়া, নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।’