Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্ধ চিনিকল চালু ও উৎপাদন বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ২০:৫৫

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই এবং দেশে আখের উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে কৃষকদের আখ চাষে উৎসাহিত করা, চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং চিনির আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত নবম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি), বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, লাভ-লোকসান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের চাহিদার তুলনায় দেশীয় চিনির উৎপাদন কম হওয়ায় বন্ধ চিনিকলগুলো সচল করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, লাভ-লোকসান, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বিএসইসির অধীন প্রতিষ্ঠানগুলোর লোকসানের কারণ চিহ্নিত করে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ এবং বন্ধ প্রতিষ্ঠানগুলোর মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন ও অব্যবহৃত জমির যথাযথ ব্যবহারের সুপারিশ করা হয়। এ ছাড়া, সরকারের বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে যৌথ বিনিয়োগে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয় এবং পরবর্তী বৈঠকে এ সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানানো হয়।

পাশাপাশি বিসিকের অধীন ৮৪টি শিল্পনগরীর যেসব প্লটে উৎপাদন বন্ধ রয়েছে বা কাঙ্ক্ষিত মাত্রায় চলছে না, সেগুলোর কারণ চিহ্নিত করে আগামী বৈঠকে বিস্তারিত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে কমিটি।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, উপ-হিসাব মহানিয়ন্ত্রক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর