তুরস্ক: তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ৩১ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও জীবনযাত্রার ওপরও পড়ছে। একই সঙ্গে এ সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগ তৈরি করছে।’
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা, মানবিক সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করে।
এমনকি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।