Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপির বাড়িতে আগুন / নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক: নাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ২০:৪৭

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে সরকারের স্পষ্ট জবাব দাবি করেন।

বক্তব্যে নাহিদ ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বাড়িতে থাকা গবাদি পশু পুড়ে মারা গেছে।

বিজ্ঞাপন

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘রাত থেকেই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হয়েছে এবং তিনি নিজে কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। অথচ কোনো ফরেনসিক টিম ঘটনাস্থলে না যাওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কীভাবে এটিকে পেট্রোল বোমা নয় বলে ঘোষণা দিলেন, তা বোধগম্য নয়।’

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা তা এখন স্পষ্ট। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ৪৮ ঘণ্টা পেরোলেও কাউকে গ্রেফতার করা হয়নি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন এবং পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা উন্নতির ফিরিস্তি দিয়েছেন, তা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।’

সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে এবং তাদের মানবাধিকার না থাকলে নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’

ফ্যাসিস্ট শক্তির প্রথম টার্গেট তারা হলেও দ্বিতীয় টার্গেট সরকারে থাকা ব্যক্তিরাই হবেন উল্লেখ করে তিনি আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে সরকারের অবস্থানের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে রুলিং দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ অত্যন্ত গুরুতর ঘটনা উল্লেখ করে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর