কুষ্টিয়া: দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং জাতীয় সংসদের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে দৌলতপুর থানায় উপস্থিত হয়ে নিজেই মামলাটি দায়ের করেন নুসরাত তাবাসসুম।
পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে এজাহারভুক্ত আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় গিয়ে লিখিত এজাহার জমা দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

নুসরাত তাবাসসুমের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঘটনার পর বৃহস্পতিবার দিনভর সংসদ সদস্যের পরিবারের পাশে থাকতে তাদের বাড়িতে অবস্থান করেন এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। থানায় মামলা দায়েরের সময়ও তিনি নুসরাত তাবাসসুমের সঙ্গে ছিলেন।
বৃহস্পতিবার রাতে ইয়াসির আরাফাত জানান, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা শুক্রবার সকালে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবেন এবং বিকেলে সংসদ সদস্যের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।