Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১২:৩১

ঢাকা: পেট্রোল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় একটি সংসদীয় প্রতিনিধি দল।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দিয়েছে এই টিমটি। ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন সংসদ সদস্যরা।

বিরোধী দলীয় এই সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। দলটির শীর্ষ নেতারা সরেজমিনে হামলার ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। হামলার সময় বাড়িটিতে মোট আটজন সদস্য অবস্থান করছিলেন, যার মধ্যে দুজন গুরুতর আহত হন। আগুনে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

নৃশংস এই হামলার ঘটনায় গতকাল দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই। মামলায় আটজনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।