Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

স্টাফ করেসপন্ডেট
১৩ নভেম্বর ২০২৬ ১৯:৪৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ১৯:৪৭

ঢাকা: দেশে ১ কোটি ৩৯ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আর বিশ্বে বর্তমানে ৫৯ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা ৮৫ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এছাড়া বিশ্বে ৩৪ লাখ মানুষ ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় মৃত্যুবরণ করছে। তবে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগী দ্বিগুণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের অরগান ট্রান্সপ্লান্ট ভবনের শহীদ মেজর সালেক চৌধুরী বীর উত্তম সভাকক্ষে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বক্তারা। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডায়াবেটিসে দেরি নয় ব্যবস্থা নিন এখনই’।

বিজ্ঞাপন

চিকিৎসা খরচ ও আর্থিক ঝুঁকির বিষয়ে বক্তারা বলেন, ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগ হলে রোগীর পাশাপাশি পুরো পরিবারের ওপর আর্থিক চাপ ও ক্ষয়ক্ষতি বহুগুণ বেড়ে যায়। সাধারণ ডায়াবেটিস রোগীদের তুলনায় যাদের হৃদরোগ বা অন্যান্য জটিলতা থাকে, তাদের চিকিৎসার খরচ ও ঝুঁকি দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। সেই ক্ষেত্রে ডায়াবেটিস হলে রোগীর খরচ দ্বিগুণ বেড়ে যায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের প্রায় ৫০ ভাগ মানুষই জানেননা যে তাদের ডায়াবেটিক হয়েছে। ডায়াবেটিস একটি মারাত্মক এবং প্রান খাতি রোগ যা ব্যক্তি এবং তাদের পরিবার সেই সাথে স্বাস্থ্য ব্যবস্থা ও জাতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। আইডিএফ ডায়াবেটিস অ্যাটলাস এর তথ্য অনুযায়ী ডায়াবেটিসের রোগী সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে সপ্তম স্থানে রয়েছে।

বক্তারা বলেন, সাধারণ টাইপ-১ ও টাইপ-২ এই দুই ধরনের ডায়াবেটিস রয়েছে। টাইপ-১ সাধারণত ৩০ বছরের কম বয়সীদের মধ্যে দেখা যায়। এ ধরনের রোগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না, তাই বেঁচে থাকার জন্য এসব রোগীদের ইনসুলিন নিতে হয়। তবে দেশে টাইপ-২ ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ। দেশে বর্তমানে রেজিস্টার্ড ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৭২ লক্ষ। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ ডায়াবেটিক রোগীর রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখা এবং শতভাগ টাইপ-১ ডায়াবেটিক রোগীর জন্য ইনসুলিন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

তারা বলেন, বর্তমানে তরুণদের মধ্যে ধূমপানের হার বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে তাদের ৪০ শতাংশের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এর পাশাপাশি মাড়ির রোগসহ অন্যান্য স্বাস্থ্য জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস এবং হৃদরোগের মতো অসংক্রামক রোগগুলো প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিন টাইম ও জীবনযাত্রায় পরিবর্তন আনা এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

ফ্রী চিকিৎসার বিষয় জানিয়ে তারা বলেন, দেশের ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিক রোগীর মধ্যে ৭২ লাখের বেশি অর্থাৎ প্রায় ৫০ শতাংশ ডায়াবেটিক রোগীকে সমিতির সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। বারডেম, বিআইএইচএস ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন)-এর ৩২টি কেন্দ্র এবং ৯৫টি অধিভুক্ত সমিতির মাধ্যমে রাজধানীসহ সারা দেশে ডায়াবেটিস-সেবা সম্প্রসারণ করা হয়েছে। ৭২ লাখ রেজিস্টার্ড ডায়াবেটিক রোগীকে স্বল্পমূল্যে মৌলিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আর, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ছাড়াও বিনামূল্যে ইনসুলিন ও ওষুধ বিতরণ বাবদ গত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ব্যয় হয়েছে প্রায় ১১৪ কোটি ৩৪ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অব.), ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক ডা. সাহেলা নাসরিন, বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বারডেম একাডেমির সিনিয়র পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান ছাড়াও সমিতির সিনিয়র কর্মকর্তারা এবং বারডেম ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর