Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১৮:০৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ১৮:০৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা:  দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আনা জরুরি উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্য খাতে সরকারের বিপুল বিনিয়োগ এবং মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকা সত্ত্বেও সাধারণ মানুষ তার কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ডেন্টাল বা দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষ তা সহজে বহন করতে পারছে না।

বিজ্ঞাপন

সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি জানান, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় প্রান্তিক মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে।

তরুণ চিকিৎসকদের মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, অনেক চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে থাকতে চান না বা নানা অজুহাতে শহরমুখী হন। প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করতে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে সেবা দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

পেশাজীবী সংগঠনগুলোতে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেশাজীবী সংগঠনের সবকিছু বদলে যাওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। সংগঠনগুলো রাজনীতিমুক্ত থাকলে স্বাস্থ্য খাতের অনেক বিদ্যমান সমস্যাই দূর করা সম্ভব। একটি জনবান্ধব ও সার্বজনীন স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় দেশের চিকিৎসকসমাজসহ সংশ্লিষ্ট সবাইকে দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থ উন্মোচন করেন এবং আয়োজকরা তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর