Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা, পালানোর সময় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ২০:১৭

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বাইসাইকেল চুরির অভিযোগে মোবারক ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় লাশ মাঠে ফেলে পালানোর সময় মোহাম্মদ মুসা (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোবারক পতেঙ্গা এলাকার আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড়ো ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মুসার ছেলের একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোবারককে সন্দেহ করে তাকে ডেকে নেওয়া হয়। পরে স্থানীয় একটি মাঠে তাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। এরপর পাশের একটি গুদামে নিয়ে হাত-পা বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে প্রায় দুই ঘণ্টা নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে মোবারক অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরে মরদেহ মাঠে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন মুসাসহ অন্যরা। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটক করে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী বলেন, ‘প্রাথমিক তদন্তে বাইসাইকেল চুরির অভিযোগে মুসা ও তার ছেলের মারধরের বিষয়টি পাওয়া গেছে। মোবারককে শ্বাসরোধে হত্যার চেষ্টার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুসাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।’

ওসি বলেন, ‘মোবারকের বাবার করা মামলাটিতে মুসাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলমান।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর