বাগেরহাট: ছোট ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন করে ঘরে ফিরে আসার কিছুক্ষণ পরই বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হলেন- ৮২ বছর বয়সী আ. আজিজ তালুকদার এবং তার ছোট ভাই ৮০ বছর বয়সী আ. হাকিম তালুকদার। তারা উভয়েই গোলবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে ছোট ভাই আ. হাকিম তালুকদার মারা যান। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় উপজেলা মডেল মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আ. আজিজ তালুকদার অসুস্থ শরীর নিয়েও ছোট ভাইয়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে বাড়িতে ফিরে দাফন কাজেও উপস্থিত ছিলেন তিনি। কিন্তু দাফন সম্পন্ন করে ঘরে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত আ. আজিজ তালুকদারের ছেলে মো. নূরুজ্জামান তালুকদার বলেন, ‘আমার বাবা ও চাচা পিঠাপিঠি বয়সের ছিলেন। তাদের বাড়িও ছিল পাশাপাশি। তাদের মধ্যকার সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন অত্যন্ত গভীর ও মধুর ছিল। চাচা বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পর বাবা হয়তো সেই শোক সহ্য করতে পারেননি।’
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ফরাজি জানান, দুই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক এতটাই গভীর ছিল যে, ছোট ভাইয়ের মৃত্যুর শোক ও বিচ্ছেদ বড় ভাই সহ্য করতে না পেরে কিছুক্ষণের ব্যবধানে নিজেই পৃথিবী ছেড়ে চলে গেছেন।