Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে নীলফামারীতে লাঠিখেলার আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৬ ১১:১৪

নীলফামারী: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে নীলফামারীতে যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ মাগরিব থেকে জেলার ডোমার উপজেলা পরিষদ মাঠে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

জলঢাকা উপজেলার বাঁশদহ একাত্তর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা লাঠিখেলা পরিবেশন করেন। দলটিতে স্কুলশিক্ষার্থী, মধ্যবয়সী ও প্রবীণ খেলোয়াড়দের অংশ নিতে দেখা যায়। ঢোলের তালে মুহুর্মুহু আঘাত, পাল্টা আক্রমণ ও প্রতিরোধের খটখট শব্দে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে উপজেলার দূরদূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সী দর্শক।

বিজ্ঞাপন

খেলোয়াড় আবু বক্কর সিদ্দিক জানান, ক্রিকেট-ফুটবলের চেয়ে লাঠিখেলায় অনেক বেশি আনন্দ। এ খেলাকে আরও উন্নত ও জনপ্রিয় করা জরুরি। এজন্য প্রয়োজন সরকারি সহযোগিতা।

খেলোয়াড় দুলাল আলী জানান, ক্রিকেট-ফুটবলসহ অনেক খেলায় জুয়া বা বাজি ধরার প্রবণতা রয়েছে। কিন্তু লাঠিখেলায় এমন কিছু করা একেবারেই অসম্ভব। লাঠিখেলার মতো বিনোদন অন্য কোনো খেলায় নেই। নিজে খেলার পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতেও সহযোগিতা করছেন তিনি। তবে সরকারি সহযোগিতা না থাকায় এ খেলার প্রতি নতুনদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে।

আজমগীর ইসলাম নামের আরেক খেলোয়াড় জানান, অন্যান্য খেলায় সরকার যতটা গুরুত্ব দেয়, লাঠিখেলায় ততটা গুরুত্ব দেওয়া হয় না। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন বিলুপ্তির দিকে যাচ্ছে এ খেলা। খেলোয়াড়দের সবাই কোনো না কোনো পেশায় যুক্ত। প্রয়োজনীয় সহযোগিতা না পেলে তাদের পক্ষে এ খেলার পেছনে এতটা সময় দেওয়া সম্ভব নয়।

লাঠিখেলা দলটির নেতা মো. মশিউর রহমান জানান, ৩২ বছর আগেও এ খেলাটি এলাকায় বেশ জমজমাট ছিল। বর্তমানে সবাই নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত থাকায় খেলাটির চর্চা কমে গেছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও এ খেলায় আগ্রহ দেখাচ্ছে না। সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অতীতে যেভাবে এ খেলার মাধ্যমে এলাকায় বিনোদনের ব্যবস্থা করা হতো, তা আবারও ফিরিয়ে আনা সম্ভব।

খেলা দেখতে আসা শিক্ষার্থী মিতু ও সুমন জানায়, বাড়ির পাশে মাইকে খেলার শব্দ শুনে আগ্রহ নিয়ে মাঠে চলে আসে তারা। টানা দেড় ঘণ্টা দাঁড়িয়ে খেলা দেখলেও কোনো ক্লান্তি আসেনি। বরং এ খেলা দেখে যতটা আনন্দ পেয়েছে, অন্য কোনো খেলায় ততটা আনন্দ পায়নি বলে জানায় তারা।

দর্শক সাইফুল ইসলাম জানান, বর্তমানে শিশু-কিশোর ও যুবসমাজ মোবাইলের বিভিন্ন খেলায় আসক্ত হয়ে পড়ছে। কিন্তু মোবাইলের এসব খেলায় মাঠের লাঠিখেলার মতো আনন্দ-উল্লাস নেই। সরকারি সহযোগিতার অভাবে আজ গ্রামবাংলার ঐতিহ্যবাহী এসব খেলা বিলুপ্তির পথে। সরকারি উদ্যোগ নেওয়া হলে লাঠিখেলাকে আবারও জনপ্রিয় করে তোলা সম্ভব।

আয়োজক কমিটির সভাপতি আলমগীর পারভেজ জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই লাঠিখেলার এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

টানা ৫ দফায় কমলো সোনার দাম
১৪ নভেম্বর ২০২৬ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর