ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। সভায় কমিটির সদস্য মোঃ আশরাফ উদ্দিন এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, মোঃ সাইফুল আলম এমপি এবং মারদিয়া মমতাজ এমপি উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মাধ্যমে একটি ত্রিমাত্রিক বা থ্রিডি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে প্রণীত উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি এবং কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক প্রতীয়মান হয়নি। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ সম্পন্ন করে একটি নতুন প্রতিবেদন প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে, যা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।
জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সভায় বেশ কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর আওতায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব লাইট ও বাতি স্বয়ংক্রিয় সেন্সরের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং এ সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের ব্যবস্থাপনা ও পরিচালনা যাচাইয়ের লক্ষ্যে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য মোঃ আশরাফ উদ্দিন এমপি ও মারদিয়া মমতাজ এমপির সমন্বয়ে গঠিত এই সাব-কমিটিতে সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। সাব-কমিটিকে আগামী সভায় এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে। পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের পরিচালনা ও ইজারাসংক্রান্ত চুক্তিনামাটি পুনর্বিবেচনার বিষয়ে কমিটি আপত্তি জানিয়ে বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে। সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।