Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বের ৩০টি গন্তব্যে ফল রফতানিতে ১২৬ মিলিয়ন ডলারের বেশি আয়: বাণিজ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৮:১৪

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির – ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের কৃষি ও রফতানি খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে দেশীয় ফল। বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের ৩০টি আন্তর্জাতিক গন্তব্যে অর্থাৎ ২৬টিরও বেশি দেশে বিভিন্ন ধরনের ফল রফতানি করা হচ্ছে এবং সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এই খাত থেকে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী দেশীয় ফলের বিশ্ববাজারের এই বিস্তৃতির চিত্র উপস্থাপন করেন। মন্ত্রী জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইতালি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সুইডেন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের মতো দেশে বাংলাদেশের ফল নিয়মিত রফতানি হচ্ছে।

বিজ্ঞাপন

আম, কাঁঠাল ও লিচুর মতো অত্যন্ত সম্ভাবনাময় দেশীয় ফল এবং অন্যান্য কৃষিপণ্যের রফতানি আরও বেগবান করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের প্রধান ফল উৎপাদনকারী অঞ্চলগুলোতে আম ও আমজাত পণ্যের রফতানি বাড়াতে একাধিক সেমিনার এবং স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বান্দরবানের লামায় আম চাষিদের ফসল সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা বা পোস্ট-হারভেস্ট ম্যানেজমেন্ট, ভ্যাপার ও হট ওয়াটার ট্রিটমেন্ট এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিংয়ের ওপর হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ বাজার চীনে আম ও অন্যান্য কৃষিপণ্য রফতানির প্রক্রিয়া সহজ করতে জিএসিসি রেজিস্ট্রেশন বা নিবন্ধনে দেশীয় উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে ইপিবি। ইতোমধ্যে ‘মেরিডিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এই গুরুত্বপূর্ণ নিবন্ধন লাভ করেছে এবং আরও একাধিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় নথিপত্র চীন দূতাবাসে পাঠানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বা ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্স নিশ্চিত করতে ঢাকার গাবতলীতে অবস্থিত ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্টের সক্ষমতা পর্যালোচনা করা হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের বিশ্ববাজার সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ে উপযুক্ত প্রতিষ্ঠান মনোনয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বৈশ্বিক বাজারে বাংলাদেশি ফলের পরিচিতি ও ব্র্যান্ডিং জোরদার করতে ২০২৬-২৭ অর্থবছরে ছয়টি বড় আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পরিকল্পনা নিয়েছে সরকার। এই তালিকায় রয়েছে চীনের ইউনানে অনুষ্ঠিতব্য ২০২৬ মেকং-লানচাং ফ্রুটস ফেস্টিভ্যাল, ২২তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৬, ডি-৮ হালাল এক্সপো ইন্দোনেশিয়া ২০২৬, সৌদি আরবের এগ্রো ফুড জেদ্দা-২০২৬, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইভেন্ট এবং ইন্টারন্যাশনাল হালাল এক্সপো অ্যান্ড ওয়ার্ল্ড হালাল সামিট ২০২৬। সরকারের এই বহুমুখী উদ্যোগ ও আন্তর্জাতিক প্রচারণার ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশের ফল রফতানি আয় এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর