Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৭:৫২

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত এই অর্থের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় কিংবা কোনো ধরনের অনিয়মের আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৭ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি উত্থাপন করেন। তিনি নির্ধারিত খরচে কর্মী যাওয়া নিশ্চিত করতে তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন এবং কবে নাগাদ স্বাস্থ্য পরীক্ষা ও কর্মী প্রেরণ শুরু হবে তা জানতে চান। জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, আগামী দিনেই মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী অসৎ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি জানান, বিদেশে কর্মী পাঠানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন-ভাতা না পাওয়া এবং প্রতারণাসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত তদন্ত পরিচালনা করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। সাধারণ কর্মীদের স্বার্থ সুরক্ষায় সরকারের এই কঠোর নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে বলে মন্ত্রী সংসদকে আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর