Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৮:২৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: দেশে মাদক প্রবেশ ও চোরাচালান কঠোরভাবে দমন করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এ তথ্য জানান। কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নির্মূলের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎস চিহ্নিত করে তা নির্মূলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ গভীরভাবে তদন্ত করার সুপারিশ করেন তিনি। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটসমূহ চিহ্নিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও অভিযান জোরদার করার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করারও সুপারিশ করে কমিটি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বৈঠকে জানান, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। অন্যদিকে, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে সবার আগে প্রয়োজন একটি সামাজিক বিপ্লব; এটি কেবল কোনো একক মন্ত্রণালয় বা বাহিনীর দায়িত্ব নয়, বরং একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এমপি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মোঃ কামরুজ্জামান এমপি, মোঃ মনোয়ার হোসেন এমপি এবং শিরীন সুলতানা এমপি অংশগ্রহণ করেন। এ ছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর