কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান আসামি গৃহবধূর স্বামী মো. আলমগীর হোসেনকে (২৬) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রংপুর এসআরবি।
এর আগে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবির রংপুর ও জামালপুর ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আলমগীর উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামানির চর এলাকার মৃত নালু মিয়ার ছেলে। তিনি নিহত নাসরিন জাহানের স্বামী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে নাসরিনের সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এর মধ্যে নাসরিনের বাবা নুর ইসলাম ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। তখন তার বাবা ধান কেটে টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নুর ইসলাম মেয়ের মৃত্যুর খবর পান। পরে পরিবারের সদস্যরা আলমগীরের বাড়িতে গিয়ে নাসরিনের শরীর, পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ওই দিনই নাসরিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় হত্যা মামলা করেন।
এসআরবি জানায়, মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১ নভেম্বর এ মামলার আরেক আসামি মো. দুলালকে গ্রেফতার করেছিল এসআরবি।
রংপুর এসআরবি -১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আলমগীরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদেরও আটকের চেষ্টা চলছে।