চট্টগ্রাম: নগরীর বন্দর থানা এলাকায় পারিবারিক কলহের জেরে সানজু বিবি (৩৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. জাবেদ (৪২)-কে গ্রেফতার করেছে এসআরবি-৭।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর থানার আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার জাবেদ ওই এলাকার মৃত আব্দুল খবিরের ছেলে।
বুধবার বিকেলে এসআরবি-৭-এর নগরীর বহদ্দারহাট মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
কর্নেল মোস্তাফিজুর বলেন, অভিযুক্ত জাবেদ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়ায় টাকা হারানোকে কেন্দ্র করে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জাবেদ ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘাতক স্বামী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় সানজু বিবিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অভিযুক্ত জাবেদ বন্দর পুরাতন মার্কেট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দুপুর পৌনে ১২টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, বসতঘরের সামনে থাকা একটি কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করে আভিযানিক দল। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।