ঢাকা: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কৃষি ও পল্লি ঋণ বিতরণ বেড়েছে প্রায় ২৭ শতাংশ। তবে একই সময়ে কৃষি খাতে ঋণের স্থিতি ও আদায়যোগ্য ঋণের পরিমাণও বেড়েছে। অন্যদিকে, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় কৃষি খাতে মেয়াদোত্তীর্ণ ঋণ কমেছে ৩ শতাংশ এবং খেলাপি ঋণ কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫৮টি ব্যাংকের মাধ্যমে কৃষি ও পল্লি খাতে মোট ১০ হাজার ৮৩৬ কোটি ৯৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল ৮ হাজার ৪৮৯ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে ২৭ দশমিক ৬৫ শতাংশ।
চলতি অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। প্রথম তিন মাসে এ লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ০৬ শতাংশ বিতরণ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি কৃষিঋণ বিতরণ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। মোট বিতরণ করা ঋণের ৩৮ দশমিক ২৪ শতাংশ এসেছে এ শ্রেণির ব্যাংক থেকে। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলো ২৯ দশমিক ৬৭ শতাংশ, ইসলামী ব্যাংকগুলো ১৭ দশমিক ৬৭ শতাংশ, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ৯ দশমিক ৭৩ শতাংশ এবং বিদেশি ব্যাংকগুলো ৪ দশমিক ৬৯ শতাংশ ঋণ বিতরণ করেছে।
ব্যাংকভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনের দিক থেকে এগিয়ে রয়েছে বিশেষায়িত ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এ শ্রেণির ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ২৩ দশমিক ৭৩ শতাংশ বিতরণ করেছে। বিদেশি ব্যাংকগুলো করেছে ১৯ দশমিক ৭৪ শতাংশ, ইসলামী ব্যাংকগুলো ১৯ দশমিক ৩০ শতাংশ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১৫ দশমিক ১৯ শতাংশ এবং বেসরকারি ব্যাংকগুলো ১৫ দশমিক ৩৪ শতাংশ।
কৃষি ও পল্লি ঋণের বড় অংশ বিতরণ হয়েছে ফসল উৎপাদন খাতে। সেপ্টেম্বর পর্যন্ত মোট বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৭৮ শতাংশ বা ৫ হাজার ৬৯ কোটি ৯৮ লাখ টাকা গেছে এ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ দশমিক ০২ শতাংশ ঋণ বিতরণ হয়েছে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে। এ খাতে বিতরণের পরিমাণ ৩ হাজার ২৫৩ কোটি ১ লাখ টাকা।
এ ছাড়া মৎস্য খাতে ১ হাজার ৩৮৮ কোটি ৩৪ লাখ টাকা বা ১২ দশমিক ৮১ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। অকৃষি পল্লি খাতে বিতরণ হয়েছে ১ হাজার ৩ কোটি ১ লাখ টাকা, যা মোট বিতরণের ৯ দশমিক ২৬ শতাংশ। সেচ ও কৃষি সরঞ্জাম খাতে বিতরণের পরিমাণ তুলনামূলক কম। এ দুই খাতে মোট বিতরণ হয়েছে ৯১ কোটি ৫ লাখ টাকা। শস্য সংরক্ষণ ও বিপণন খাতে বিতরণ হয়েছে ৩১ কোটি ৫৮ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কৃষি ও পল্লি ঋণের ৫৫ শতাংশ ফসল উৎপাদন, ১৩ শতাংশ মৎস্য, ২০ শতাংশ গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, ২ শতাংশ সেচ ও কৃষি সরঞ্জাম এবং বাকি ১০ শতাংশ অকৃষি পল্লি উৎপাদন ও আয়বর্ধক কর্মকাণ্ডে বিতরণের কথা।
কৃষি খাতে ঋণ বিতরণের পাশাপাশি ঋণের স্থিতিও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে কৃষি খাতে বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৭২২ কোটি ৪৬ লাখ টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৫৯ হাজার ৫০০ কোটি ১১ লাখ টাকা। এক বছরে ঋণের স্থিতি বেড়েছে ৭ দশমিক ১০ শতাংশ।
একই সময়ে আদায়যোগ্য ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৩৮ কোটি ৭৬ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ৩৪ হাজার ২৫৭ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ এক বছরে আদায়যোগ্য ঋণ বেড়েছে ৭ দশমিক ৮৩ শতাংশ।
কিন্তু ঋণ আদায়ের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে কৃষি খাতে ঋণ আদায় হয়েছে ১২ হাজার ১৭৬ কোটি ৫৯ লাখ টাকা। গত বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ১০ হাজার ৫৪৪ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরে ঋণ আদায় বেড়েছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে কৃষি খাতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৪৫৫ কোটি ৮৩ লাখ টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২২ হাজার ১২০ কোটি ৬ লাখ টাকা। এক বছরে মেয়াদোত্তীর্ণ ঋণ কমেছে ৩ শতাংশ।
বিশেষায়িত ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ ঋণ কমেছে ৭ দশমিক ৮০ শতাংশ। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে কমেছে ১৮ দশমিক ২০ শতাংশ। তবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ ঋণ বেড়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ। ইসলামী ব্যাংকগুলোতে এ ঋণ বেড়েছে প্রায় দ্বিগুণ বা ৯৭ দশমিক ১৩ শতাংশ। বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোতে গত বছরের সেপ্টেম্বরের মতো এবারও কোনো মেয়াদোত্তীর্ণ ঋণ নেই।
অন্যদিকে, কৃষি খাতে শ্রেণীকৃত ঋণের পরিমাণও কমেছে। গত সেপ্টেম্বর শেষে শ্রেণীকৃত ঋণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ কোটি ৭৪ লাখ টাকা। গত বছরের একই
সময়ে এ পরিমাণ ছিল ১৯ হাজার ৫৬২ কোটি ৮৬ লাখ টাকা। এক বছরে খেলাপি ঋণ কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।
বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমেছে ১২ দশমিক ২৫ শতাংশ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে কমেছে ২ দশমিক ৪৮ শতাংশ। তবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ৫ দশমিক ৩৯ শতাংশ। ইসলামী ব্যাংকগুলোতে বেড়েছে ৮০ দশমিক ৮০ শতাংশ। এবং বিদেশি ব্যাংকগুলোতে এ ধরনের কোনো ঋণ নেই।