Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘প্রথম ধাপে ভোট ১০২৬ ইউনিয়ন পরিষদে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৪:০৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ১৪:০৫

কমিশনসভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনার আওতায় প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি আরও জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের সম্ভাব্য ছক তৈরি করা হয়েছে। কোন ইউনিয়নে, কবে ভোট অনুষ্ঠিত হবে, সেই পূর্ণাঙ্গ তালিকা বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

‎ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘ধাপভিত্তিক ইউনিয়নে সংখ্যার এই হিসাবটি বর্তমানে সম্ভাব্য বা খসড়া পর্যায়ে রয়েছে। তিনি ব্যাখ্যা করেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টির কাছাকাছি, দ্বিতীয় ধাপে প্রায় ১ হাজার ১০০, তৃতীয় ধাপে ১ হাজার, চতুর্থ ধাপে ৮০০-র কাছাকাছি এবং পঞ্চম ধাপে ৩৫০টির মতো ইউনিয়নে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।’

শেষ ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন বর্তমানে আটকে আছে, পরবর্তীতে সেগুলো জটিলতামুক্ত হলে যেন পঞ্চম ধাপের সঙ্গে সমন্বয় করে ভোট নেওয়া যায়, সে জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে।

‎আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু হলে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক কর্মসূচি ভোটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, কমিশন মনে করে না এতে নির্বাচনের পরিবেশে কোনো বিরূপ প্রভাব পড়বে। বরং, স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে তা সহায়ক ভূমিকা পালন করবে বলেই কমিশন আশা প্রকাশ করছে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর