নওগাঁ: গোপালগঞ্জে যে তাণ্ডব হলো, এই তাণ্ডব আমাদেরকে মনে করিয়ে দেয় লগি বৈঠার আন্দোলনের তাণ্ডবের কথা, মানুষকে মেরে নৃত্য করার তাণ্ডবের কথা- বলে মন্তব্য করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হাছানাত আলী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দেশব্যাপী সন্ত্রাশ, নাশকতা ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে আয়োজিত র্যালি ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে যে নির্বিচারে, বাড়ি ঘরে আগুন দিচ্ছে আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে দেশবাসীকে এ ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের বেতন বৃদ্ধির ওজুহাতে যেভাবে সারা দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ, ফ্যাক্টরিতে আগুন দিচ্ছে এগুলো দেশবিরোধী ষড়যন্ত্র এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র। আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত দেশবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে দাবি জানাই, যারা সন্ত্রাসী তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনে বিচার করার জন্য। আরেকটি মানুষ যেন আমার গার্মেন্টস এ আগুন দিতে না পারে, ফ্যাক্টরিতে আগুন না দিতে পারে। আমার সম্ভাবনাময় অর্থনীতির অন্যতম একটি খাত এই গার্মেন্টসকে বিদেশে পাঠিয়ে দেওয়ার যে নীল নকশার ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সফল হতে না পারে। এটাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি বলেন, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে জনগণের শান্তি যেন কেউ বিঘ্নিত করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। জনগণ চায় সরকার এই বিশৃঙ্খলাকারীদের হাত থেকে দেশকে রক্ষা করুক। জনগণ চায় সরকার এই গার্মেন্টস শিল্পের ধ্বংসের সাথে জড়িত শ্রমিক নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, ফ্যাক্টরিতে আগুন দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক। জনগণ চায় চাঁদাবাজদেরকে প্রতিহত করুক সরকার। জনগণ চায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।
তিনি আরও বলেন, রাজনৈতিক বিভাজন থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে সম্ভাবনাময় গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য ফ্যাক্টরিতে আগুন দিয়ে যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের পরিচয় তারা সন্ত্রাসী। তাদের পরিচয় তারা ধ্বংসকারী। এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার ত্বরান্বিত করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আইনের যথাযথ প্রয়োগ করুন। অপরাধীর প্রতি অনুকম্পা দেখানোর কোন সুযোগ নেই। অপরাধী যে দলেরই হোক না কেন, চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যে দলেরই হোক না কেন, দেশের প্রচলিত আইনের আওতায় এনে এদের বিচারের পথকে সুগম করুন।
এ সময় সমাবেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মোহাম্মদ তারিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রাভষক আমেনা আক্তার, আইন বিভাগের প্রভাষক সানজিদা কবিরসহ অন্যরা বক্তব্য দেন।