Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৫:২৭

চীনা যুবক জ্যাকি চেউং এবং নার্গিস আক্তার।

রাজবাড়ী: ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন জ্যাকি চেউং নামে এক যুবক। অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নার্গিস আক্তারকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নববধূর বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

জ্যাকি ও নার্গিসের পরিচয়ের সূত্রপাত নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে। সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি চেউং। কর্মসূত্রে তাদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল ইসলাম তার বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।

এরপর জ্যাকি নিজ দেশ চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে একে অপরকে জানার সুযোগ পান তারা। প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথাবার্তার একপর্যায়ে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালোলাগা থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। সেই ভালোবাসার টানেই চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন জ্যাকি।

জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তার প্রতি ভালোলাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সিদ্ধান্ত থেকেই চীন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। তাকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশে এসে নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়েও ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান তিনি।

নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে সাধারণভাবে কথা হলেও ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। জ্যাকি তাঁকে বিয়ে করার জন্য চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি। দুই পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সুখে সংসার করতে চান।

নার্গিস আক্তার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তার বাবা ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরি চালক হিসেবে কাজ করেন। তাদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ। বাংলাদেশে এসে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে বেশ আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকির। বাংলাদেশি পরিবার ও আত্মীয়-স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী নার্গিস ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনের কাছেও বিষয়টি আনন্দের। ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার ঘটনাটি তাঁদের কাছে যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও এক নতুন অভিজ্ঞতা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর