ঢাকা: রাজধানীর মিরপুরে রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রুপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন– রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), মো. জাহিদ (২৬) ও গোলাম রাব্বি (২২)।
ওসি এবি সিদ্দিক বলেন, ‘মিছিলের প্রস্তুতিকালে আজ ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর টিনসেড ৮ নম্বর রোডের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’
তিনি বলেন, ‘গ্রেফতার আসামিরা রূপনগর থানাসহ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকার বিরোধী শ্লোগান ও ঝটিকা মিছিলসহ বিভিন্ন নাশকতা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’