ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী চক্রকে বাংলাদেশের জনগণ আর ফিরতে দেবে না। পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, এ দেশের মানুষ তা কখনোই সফল হতে দেবে না বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার ( ১৬ নভেম্বর ) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করে বলেন, পলাতক ফ্যাসিস্টরা বিগত ১৭ বছর জুলুম-অত্যাচার চালিয়েছে এবং তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়তে চায়। তবে তাদের সেই স্বপ্ন আর কোনো দিন পূরণ হবে না বলে উল্লেখ করে তিনি জানান, যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। বিগত ১৭ বছর তাঁরা নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন এবং অসংখ্য মামলা ও মাসের পর মাস কারাবরণ করেও আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, এই নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।