Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি

ইবি করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৫:৩১

ইবি: দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে এটি অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সাবেক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাসিরুদ্দিন মিঝি, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মফিজুল ইসলাম ও অধ্যাপক ড. কামরুল হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মুয়াজ্জেম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সঞ্চালনায় আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, গত ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতন চালানো ফ্যাসিস্ট শক্তি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও এখন আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ১৯৭২-৭৫ সাল, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর এবং সর্বশেষ জুলাই আন্দোলনে দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা ও হাজারো মানুষকে পঙ্গু করার পরও তারা অনুতপ্ত না হয়ে অগ্নিসংযোগ ও বোমা হামলার মাধ্যমে পুনরায় ত্রাসের রাজত্ব কায়েমের স্বপ্ন দেখছে। জুলাইয়ের শহীদদের রক্ত এখনো শুকায়নি এবং ছাত্র-জনতার তেজও ফুরিয়ে যায়নি। ডিসেম্বরে দেশে ফেরার কথা বলা হচ্ছে আমরাও চাই দ্রুত দেশে আসুন, যাতে আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকর করা যায়।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছাত্রীদের গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, এসব সন্ত্রাসী তৎপরতায় মদদদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করুন। পাশাপাশি বিতাড়িত এই গণহত্যাকারী দল যেন আর কখনোই পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর