খুলনা: জেলার দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি হিসেবে পরিচিত আজম শেখকে (৩২) গাজীপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আজম শেখকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার আজম শেখ খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় ১৩টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে- ছয়টি মাদক, চারটি হত্যাচেষ্টা, দুটি চাঁদাবাজি ও একটি চুরির মামলা।