Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অযত্ন-অবহেলায় নষ্ট হওয়ার পথে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর

মহিউদ্দিন সুমন
১৬ নভেম্বর ২০২৬ ১৬:৫৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ১৬:৫৬

উপহার পাওয়া ট্রাক্টরটি অবহেলায় নষ্ট হচ্ছে।

টাঙ্গাইল: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ব্যবহৃত সরঞ্জাম ও চীনের বিপ্লবী নেতা মাও সেতুং এর দেওয়া উপহার ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন অযত্ন ও অবহেলায় নষ্ট হওয়ার পথে।

টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব নিদর্শন সংরক্ষিত থাকলেও, দীর্ঘদিনের পরিচর্যা ও সংরক্ষণের অভাবে কয়েকটি স্মৃতিচিহ্ন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র যথাযথভাবে সংরক্ষণের জন্য একটি জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংরক্ষিত ট্রাক্টরটি কেবল একটি পুরোনো কৃষিযন্ত্র নয়, এটি বাংলাদেশ-চীন ঐতিহাসিক সম্পর্ক এবং
ভাসানীর কৃষকবান্ধব সমবায় দর্শনের নীরব সাক্ষী। ট্রাক্টরটির পাশাপাশি মওলানা ভাসানীর ব্যবহৃত টাইপরাইটারসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্যাম্পাসে রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এ সব নিদর্শনের যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে ঘাটতি থাকায় সেগুলো অযত্নে পড়ে ছিল।

বিজ্ঞাপন

ইতিহাস থেকে জানা যায়, মওলানা ভাসানী ১৯৬৩ সালে প্রথম এবং ১৯৬৪ সালে দ্বিতীয়বার চীন সফর করেন। ওই সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি ‘মাও সেতুংয়ের দেশে’ শীর্ষক একটি বইও রচনা করেন। এরপর ১৯৬৬ সালে তৃতীয় ও শেষবার চীন সফরে গেলে চীনের শীর্ষ নেতা মাও সেতুং তাকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় ১৯৬৭ সালে চীন থেকে ট্রাক্টরটি বাংলাদেশে পাঠানো হয়। সমবায় পদ্ধতিতে কৃষিকাজের উপযোগী এই ট্রাক্টর দিয়ে সেসময় একসঙ্গে ৫০ একর জমি চাষ করা সম্ভব ছিল। দেশে আসার পর ট্রাক্টরটি প্রথমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে মওলানা ভাসানীর কৃষি কার্যক্রমে ব্যবহার করা হয়। পরবর্তী সময়ে ১৯৭৪ সালে এটি টাঙ্গাইলের সন্তোষে নিয়ে আসা হয়। জনকল্যাণমুখী চিন্তা থেকে ভাসানী ট্রাক্টরটি বসিয়ে না রেখে কৃষিকাজে ব্যবহারের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে হস্তান্তর করেন। বিএডিসি জামালপুরে কিছুদিন এটি ব্যবহার করে। একপর্যায়ে ট্রাক্টরটি অকেজো হয়ে পড়ে থাকলে সেটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। খবর পেয়ে ১৯৯৫ সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড ঐতিহাসিক এই যন্ত্রটি ক্যাম্পাসে ফিরিয়ে আনে। বর্তমানে এটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

ভাসানীর ভক্ত রফিকুল ইসলাম জানান, ট্রাক্টরটি দীর্ঘদিন পূর্ব পাশের একটি জায়গায় কিছুটা অযত্নে পড়ে ছিল। বর্তমানে কিছুটা যত্ন নেওয়া হচ্ছে। তবে ভবিষ্যৎ প্রজন্ম ও দর্শনার্থীদের জন্য সব নিদর্শন আরও পরিকল্পিতভাবে সংরক্ষণ করা জরুরি।

মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী বলেন, ‘মাও সেতুংয়ের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ট্রাক্টর উপহার দিয়েছিলেন। এটি আরও যত্নসহকারে সংরক্ষণের পাশাপাশি ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও বিদেশে তোলা ছবি একসঙ্গে রাখতে বড় পরিসরে একটি আধুনিক মিউজিয়াম নির্মাণের দাবি জানাচ্ছি।’

আরেক নাতি হাসরত খান ভাসানী বলেন, ‘গত ২৪ বছরে মাজার ও স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণে যথেষ্ট উদ্যোগ ছিল না। তবে বর্তমান উপাচার্য আমাদের পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।’

মওলানা ভাসানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী বলেন, ‘মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত এই ট্রাক্টর আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। যথাযথভাবে সংরক্ষণ করা না হলে কালের বিবর্তনে এটি হারিয়ে যেতে পারে। তাই তাঁর সব স্মৃতিচিহ্ন সুন্দরভাবে সংরক্ষণের দাবি জানাচ্ছি।’

মওলানা ভাসানীর আরেক নাতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, ‘স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুটা পদক্ষেপ নিলেও আমাদের দাবি, আরও জোরালো উদ্যোগ নিয়ে এখানে একটি আধুনিক মিউজিয়াম গড়ে তোলা হোক। সেখানে ট্রাক্টর, সাবান কারখানাসহ সব নিদর্শন সংরক্ষণ করলে পরবর্তী প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।’

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম জানান, আমি এখানে যোগদানের পর মওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত সবকিছু পরিদর্শন করেছি এবং তার পরিবারের সঙ্গেও আলোচনা করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, মওলানা ভাসানীর কোনো স্মৃতিচিহ্নই নষ্ট হতে দেব না। তার ব্যবহৃত সব ঐতিহাসিক নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ ও সুন্দরভাবে উপস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু করেছি এবং এ উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

মহিউদ্দিন সুমন - আরো পড়ুন
সম্পর্কিত খবর