Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় হচ্ছে বহুমুখী ‘জিয়া হল কমপ্লেক্স’, বরাদ্দ চেয়ে এমপির চিঠি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৬:৪৬

ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা নগরীর শিববাড়ী মোড়ে ঐতিহ্যবাহী জিয়া হলের স্থানে বহুমুখী ‘জিয়া হল কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। গত ১০ নভেম্বর তিনি এ চিঠি দেন।

ডিও লেটারে শিববাড়ী মোড়ের প্রায় ১ দশমিক ৭২ একর জমিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুমুখী কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও পর্যাপ্ত অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য। প্রকল্পটিকে জনস্বার্থসংশ্লিষ্ট ও সময়োপযোগী উল্লেখ করে দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ডিও লেটারে জিয়া হলের ইতিহাস তুলে ধরে এমপি উল্লেখ করেন, ১৯৭৮ সালে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ কেন্দ্র শিববাড়ী মোড়ে প্রায় ১ দশমিক ৭২ একর জমিতে হলটির নির্মাণকাজ শুরু হয়। পরে ১৯৯২ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘদিন হলটি খুলনার শিল্প-সাহিত্য চর্চা, সামাজিক অনুষ্ঠান ও নাগরিক সমাবেশের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে।

তবে যথাযথ সংস্কারের অভাবে ভবনটি একপর্যায়ে ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সেটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে জায়গাটি অব্যবহৃত রয়েছে। নগরীতে মানসম্মত ও আধুনিক মিলনায়তনের অভাব রয়েছে বলেও ডিও লেটারে উল্লেখ করেন সংসদ সদস্য।

চিঠিতে তিনি বলেন, খুলনা মহানগরীতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডও বাড়ছে। কিন্তু সে তুলনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বড়ো মিলনায়তন ও কমিউনিটি কমপ্লেক্সের সংকট রয়েছে। এ পরিস্থিতিতে জিয়া হলের জায়গায় বহুমুখী কমপ্লেক্স নির্মিত হলে নগরীর অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।

প্রস্তাবিত কমপ্লেক্সে জাতীয় ও আন্তর্জাতিক মানের সভা-সেমিনার, সিম্পোজিয়াম, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা এবং বিভিন্ন জনকল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রম আয়োজনের সুযোগ থাকবে বলে ডিও লেটারে উল্লেখ করা হয়েছে। এটি নগরীর সব শ্রেণি-পেশার মানুষের মিলনকেন্দ্র এবং সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র হিসেবেও গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংসদ সদস্যের এ উদ্যোগে নগরীর সচেতন মহল, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে বলে মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে—এমন প্রত্যাশা করছেন নগরবাসী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর