Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাছাই প্রক্রিয়া সম্পন্ন, শিগগিরই আসছে তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬ ২১:৫১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ০২:৫৬

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক সব প্রক্রিয়া শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার পর ফরম বিতরণ ও জমা নেওয়া এবং পদপ্রত্যাশীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ শেষে এবার বাছাই প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়া হবে। এরপরই ঘোষণা আসতে পারে নতুন কমিটির।

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ উল্লেখ করে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে করা হয় সার্চ কমিটি। পরে সার্চ কমিটি ছাত্রদলের কমিটিতে পদপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ, জমা নেওয়া ও সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে।

বিজ্ঞাপন

এদিকে, কমিটি বিলুপ্তির পর নতুন নেতৃত্বে আসতে তৎপর হয়ে উঠেছেন সাবেক কমিটির একাধিক নেতা। পদপ্রত্যাশীরা নিয়মিত ক্যাম্পাসে মিছিল-শোডাউনসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি পালন করছেন।

তবে কমিটি গঠনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হলেও এখনো ঘোষণা না আসায় দলীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ঠিক কী কারণে নতুন কমিটি ঘোষণায় বিলম্ব হচ্ছে, তা নিয়েও চলছে আলোচনা।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী মিরাজ আল ওয়াসি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তুরস্কে আছেন। এর আগে তিনি জাপান সফরে ছিলেন। যার ফলে কমিটি গঠন প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। সার্চ কমিটি ইতোমধ্যে নাম প্রস্তুত করছে। প্রক্রিয়াটি ঢাকা-১৭ আসনের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সানি ভাই সম্পন্ন করবেন। তিনি সফর শেষ করে ফিরে এলে হয়তো কিছুদিনের মধ্যে কমিটি দিয়ে দেবেন। সম্ভবত এ মাসের (নভেম্বর) শেষ নাগাদ কমিটি হতে পারে।’

ছাত্রদলের আরেক নেতা, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সভাপতি প্রার্থী নোবেল হোসেন সূর্য বলেন, ‘কমিটি শিগগিরই হয়ে যাবে। সার্চ কমিটি এখনো আমাদের কমিটির তালিকা জমা দেয়নি। তবে আগামী ১০ দিনের মধ্যে জমা দেবে বলে আশা করছি।’

কমিটি গঠনের বিষয়ে তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সার্চ কমিটির প্রধান এজিএম শামসুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কমিটি কবে নাগাদ আসতে পারে, তা ঠিক বলা যাচ্ছে না। আমাদের কাজ হচ্ছে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে জমা দেওয়া। ইতোমধ্যে আমাদের বাছাইপর্ব শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে আমরা তা কেন্দ্রে জমা দিয়ে দেব।’

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণার ক্ষেত্রে প্রার্থীদের রাজনৈতিক ব্যক্তিত্ব ও যোগ্যতা বিবেচনা করে শিগগিরই কমিটি ঘোষণা করবেন।

দলীয় সূত্র বলছে, এবার কমিটি গঠনের ক্ষেত্রে প্রার্থীদের নেতৃত্বের যোগ্যতা ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি বিগত সময়ে ত্যাগী ও বিতর্কমুক্ত নেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

সারাবাংলা/এপি/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর