ঢাকা: রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির কথা রয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এবং যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন। আট আসামির মধ্যে শেখ হাসিনাসহ ছয়জন পলাতক রয়েছেন।
এর আগে, গত ২৮ অক্টোবর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে ওইদিন আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ সময়ের আবেদন করেন। প্রসিকিউশনের আপত্তি না থাকায় ট্রাইব্যুনাল শুনানির জন্য ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেন।
মামলাটি প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। গত ২১ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে মামলার ঘটনা ও তদন্তের বিভিন্ন দিক তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের আটক করে জঙ্গি পরিচয় দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। ভুক্তভোগীদের পরিবারের অনেক সদস্য তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্যগ্রহণের সময় তাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
ওই শুনানিতে আট আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ গঠনের আবেদন জানান প্রসিকিউটর। তবে আসামিপক্ষের শুনানি চলার মধ্যেই মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ফলে অভিযোগ গঠনের বিষয়ে নতুন করে শুনানির প্রয়োজন দেখা দেয়।
এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। পরে গত ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে ওই অভিযানে নয় তরুণকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটিকে পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে মামলায় অভিযোগ আনা হয়েছে।