Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসা হত্যা / যে কারণে মৃত্যুদণ্ড থেকে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:১৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ১৮:১৭

স্বপ্না খাতুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। মূল অপরাধ ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, স্বপ্না খাতুনের সম্পৃক্ততার বিষয়টি আদালত পর্যালোচনা করেছেন। মূল অপরাধ ছিল ধর্ষণ ও পরবর্তী সময়ে হত্যাকাণ্ড। সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব অপরাধে স্বপ্নার সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি। আদালত পর্যবেক্ষণে বলেছেন, ধর্ষণের মতো অপরাধে একজন নারী তার স্বামীকে সহযোগিতা করেছেন—এমন বিষয় প্রমাণিত হয়নি।

তিনি আরও বলেন, মামলার অন্য সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে, স্বপ্না তার স্বামীকে পালাতে সহযোগিতা করেছিলেন। বিশেষ করে তিনতলার গ্রিল কেটে পালানোর ঘটনায় তার সহযোগিতার বিষয়টি সাক্ষ্য-প্রমাণে এসেছে। তবে রামিসাকে ধর্ষণ ও হত্যার মূল অপরাধের সঙ্গে স্বপ্নার সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাকে খালাস দিয়েছেন।

অন্যদিকে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে আদালত বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল করেন এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। শুনানি শেষে আজ সোহেলের মৃত্যুদণ্ড বহাল রেখে স্বপ্নাকে খালাস দেন উচ্চ আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর