Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘১৫ বছরে ড্রেজিংয়ে ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথের যাত্রীরা’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৯:২৯

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম – ছবি : সংগৃহীত

ঢাকা: বিগত ১৫ বছরে নদী ড্রেজিংয়ের রাজস্ব খাতে সরকারের প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুটের যাত্রীরা। এই বরাদ্দের অর্থে নিয়মিত সংরক্ষণ ড্রেজিং পরিচালনার ফলে দেশের অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক লিখিত প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান।

লিখিত জবাবে নৌপরিবহনমন্ত্রী উল্লেখ করেন, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৫ বছরে নদী ড্রেজিংয়ের রাজস্ব খাতে সরকার মোট প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এপিপি) অনুযায়ী প্রতিবছর এই খাতে গড়ে প্রায় ১০৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে নিয়মিত সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ বাস্তবায়ন করা হয়েছে এবং বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করায় সংশ্লিষ্ট নৌপথগুলোতে যাত্রীসাধারণ নিরবচ্ছিন্ন যাতায়াতের সুবিধা ভোগ করছেন।

বিজ্ঞাপন

সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী আরও জানান, নিয়মিত ড্রেজিংয়ের ফলে দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফেরিরুট ও নৌপথ সচল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা, মৌলভীরহাট-চর দুর্গাপুর, ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা এবং ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর রুট।

পাশাপাশি টেকেরঘাট-মোকশেদপুর, তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ, মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট, সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া, চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া এবং মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুটগুলোও সচল রয়েছে। এ ছাড়া নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ দেশের বিভিন্ন প্রান্তের নৌপথগুলো নাব্য ও সচল রাখতে সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান নৌপরিবহনমন্ত্রী।

সারাবাংলা/এফএন/এসআর