Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন।

দুদক জানায়, আলোচিত এই মামলার যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, ‘মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এর মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।’

বিজ্ঞাপন

তিনি জানান, মঙ্গলবার আদালতে ১৫ জন আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন উপস্থিত ছিলেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। এ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা। সেখান থেকে নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন।

২০১৭ সালের ৩ এপ্রিল ৩৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।