ঢাকা: গত ৩ বছরে দেশে মূল্যস্ফীতি গড়ে ২৬ শতাংশের বেশি বৃদ্ধি পেলেও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সেই অনুপাতে বাড়েনি বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শ্রমিকদের জন্য জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই শ্রমিক অসন্তোষের দায় সরকারের।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসে তৈরি পোশাকশিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং এই খাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শ্রমিকদের জীবনযাত্রার বাস্তব ব্যয়ের সঙ্গে বর্তমান মজুরির চরম অসামঞ্জস্যের চিত্র তুলে ধরে বলেন, বিগত তিন ধরে চলা এই সমস্যার ধারা বর্তমান সরকারের অব্যবস্থাপনার কারণেও অব্যাহত রয়েছে। বর্তমানে রাজধানী ঢাকায় চারজনের একটি পরিবারের এক মাসের শুধু খাবারের খরচই হয় ১২ থেকে ১৬ হাজার টাকা, অথচ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারিত রয়েছে মাত্র ১২ হাজার টাকা।
মূল্যস্ফীতি বৃদ্ধি, খাদ্যপণ্যের উচ্চমূল্য এবং গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শ্রমিকদের জীবনযাত্রা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের এই আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক হলেও সরকার তা সঠিকভাবে সামাল দিতে ব্যর্থ হচ্ছে।
বক্তব্যে তৈরি পোশাকশিল্পের মালিকদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন সরকারি দপ্তরে হয়রানি ও অনৈতিক অর্থ আদায় বা ‘উপহার’ সংস্কৃতির কঠোর সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, কাঁচামাল আমদানি থেকে শুরু করে ট্যাক্স, কাস্টমস, ভ্যাট ও এক্সাইজসহ বিভিন্ন দপ্তরের অনুমতি এবং রপ্তানির প্রতিটি ধাপে অনৈতিক অর্থ দিতে হয়।
বর্তমান সরকারের বিভিন্ন শব্দের ব্যবহারের সমালোচনা করে তিনি জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসের উদাহরণ টেনে বলেন, এই আমলে ঋণখেলাপিকে বলা হয় ঋণগ্রস্ত, চাঁদাবাজিকে বলা হয় সমঝোতা এবং ঘুষকে বলা হয় ‘উপহার’। বন্দর থেকে বন্ডেড ওয়্যারহাউসে পণ্য আনা এবং ফ্যাক্টরি পরিদর্শনের নামে এই হয়রানির শিকার হয়ে গার্মেন্টস মালিকরা দুর্বিষহ জীবনযাপন করছেন। এ ছাড়া বিভিন্ন সরকারি অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়, যা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকটকে পুঁজি করে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, গ্যাস সংকটের সুযোগ নিয়ে তৃতীয় এফএসআরইউ স্থাপনের নামে অনিয়ম করা হচ্ছে এবং এ বিষয়ে যথাযথ জবাব পাওয়া যাচ্ছে না।
পাশাপাশি চলমান শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সুনির্দিষ্ট সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, শুধু গার্মেন্টস খাত নয়, দেশের প্রতিটি খাতে অস্থিতিশীলতা তৈরি করে ফ্যাসিবাদী শক্তি পুনরায় ক্ষমতায় আসার জন্য দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে। ভারতের ভূমি ব্যবহার করে এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও আগুন সন্ত্রাস চালিয়ে অর্থনীতিকে ধ্বংস করার যে অপচেষ্টা চলছে, তা কঠোরভাবে দমন করতে হবে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ৪৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির বাজার হারানোর ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্তমানে ক্রয়াদেশের মৌসুম চললেও দেশের ভেতরে অস্থিতিশীলতার কারণে অনেক ক্রয়াদেশ ইতিমধ্যে ভারত ও ভিয়েtnamে সরে যাচ্ছে। তরুণ প্রজন্মের তীব্র কর্মসংস্থান সংকট দূর করতে এবং এই বিশাল রপ্তানি বাজার রক্ষা করতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং মালিকদের জন্য স্বস্তিদায়ক ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা পাবে বলেও তিনি উল্লেখ করেন।