Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে দুর্বৃত্তদের আগুনে কোচিং সেন্টারের বাস পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৩:৩৪

পুড়ে যাওয়া বাস।

রংপুর: রংপুর নগরীতে শিক্ষার্থী পরিবহণে ব্যবহৃত একটি মিনিবাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড়ে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে গ্যারেজে রাখা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগানোর কারণ বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, তিনি দীর্ঘ ২২ বছর ধরে রংপুরে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য কষ্টার্জিত প্রায় ৩০ লাখ টাকা দিয়ে ২৮ আসনের বাসটি কেনা হয়েছিল, যা নিয়মিতভাবে ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের কাজে ব্যবহৃত হতো। তিনি আরও জানান, মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহণ শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনে গ্যারেজে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার দীর্ঘদিনের পরিশ্রম ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড়ো ধরনের ধাক্কা লেগেছে বলে তিনি উল্লেখ করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অন্যান্য এলাকার অগ্নিসংযোগের ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

কোতওয়ালী থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। শিক্ষার্থীদের একমাত্র পরিবহণটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। শান্তিপূর্ণ রংপুর নগরীতে এমন নাশকতার ঘটনায় স্থানীয়দের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর