Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদত্যাগ করেননি বরকত উল্লাহ বুলু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৬:৪৫

সরকার দলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু -ছবি : সংগৃহীত

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর দল থেকে পদত্যাগের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও একটি দুষ্টচক্রের অপপ্রচার বলে জানিয়েছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ও বুধবার সকাল থেকে বেশ কয়েকজন সাংবাদিক ফোন করে বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে জানতে চেয়েছেন। তবে এই খবরের কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

একই বার্তায় দলের অপর ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টিও স্পষ্ট করেন শায়রুল কবির খান। তিনি উল্লেখ করেন, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক এবং তাঁর সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মূলত বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন, যা তিনি নিজেও পদত্যাগপত্র ও বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন। এর পেছনে কোনো ধরনের রাজনৈতিক কারণ বা দলীয় মতবিরোধ নেই।

শায়রুল কবির খান আরও বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। তাঁর নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে কোনো নেতার পদত্যাগ করার মতো কোনো পরিস্থিতি বা সম্ভাবনা নেই। একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বরিশাল আদালতের বিচারক নিখোঁজ
১৮ নভেম্বর ২০২৬ ১৫:৫৭

আরো

সম্পর্কিত খবর