জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সকল বিভাগেই পর্যায়ক্রমে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে চারুকলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ফলাফলভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায়, ‘শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া না, ফলতে চাওয়া।’ ঠিক একইভাবে ওবিই কারিকুলামের উদ্দেশ্যও শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে পরিণত করা। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতোমধ্যে ওবিই কারিকুলাম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগেই এ কারিকুলাম চালু করা হবে।
চারুকলা অনুষদের বিশেষায়িত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অনুষদের শিক্ষকরা নিজ নিজ বিষয়ে অত্যন্ত দক্ষ। তাদের দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচি থেকে প্রাপ্ত দিকনির্দেশনা কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ওবিই কারিকুলাম প্রণয়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের জন্য দুই পর্বে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্বে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্ন করার কার্যক্রম পরিচালিত হবে। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।
এ সময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা।
এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওবিই বা ফলাফলভিত্তিক শিক্ষাক্রম হলো শিক্ষাব্যবস্থার এমন একটি পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে কী ধরনের জ্ঞান ও দক্ষতা অর্জন করবে, তা আগে থেকেই নির্ধারণ করা হয়।