Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোশাকশিল্প বাঁচাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জোর দাবি বিরোধীদলীয় নেতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ২১:১৬

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের তৈরি পোশাকশিল্পসহ রফতানিমুখী শিল্প খাতকে টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই দাবি জানান। তিনি বলেন, শিল্প বাঁচলে তার সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও মালিকরা বাঁচবেন, আর এই খাতের বড় ধরনের ক্ষতি হলে দেশের সামগ্রিক অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।

সংসদে দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতা পোশাকশিল্পে সাম্প্রতিক নানা সহিংসতার সমালোচনা করে বলেন, পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা নিয়ে আন্দোলন হলে অন্য কারখানায় হামলা, সিরামিক কারখানায় ভাঙচুর কিংবা বিদ্যুৎ অফিসে আগুন দেওয়া হচ্ছে কেন? এই ঘটনার পেছনে অবশ্যই তৃতীয় কোনো অপশক্তি কাজ করছে বলে মন্তব্য করে তিনি বলেন, কোনো সাধারণ শ্রমিক কখনোই নিজের ঠিকানা বা কারখানা ধ্বংস করতে, আগুন দিতে বা ভাঙচুর করতে যাবে না। শ্রমিক আন্দোলনের আড়ালে যারা শিল্পপ্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে, তাদের কঠোরভাবে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকার ও বিরোধী দল উভয়ের পক্ষ থেকেই স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

পোশাকশিল্পের কাঠামোগত বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, উদ্যোক্তাদের উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে এবং প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের দেশে সুদের হার অনেক বেশি। পাশাপাশি ব্যাংক খাতের বর্তমান দুরবস্থার কারণে প্রয়োজনীয় কার্যকরী মূলধন এবং মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য পর্যাপ্ত অর্থায়ন পাওয়া যাচ্ছে না। কর ও অতিরিক্ত করসংক্রান্ত জটিলতার এখনো কোনো দৃশ্যমান সমাধান হয়নি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পোশাকশিল্পের বহু কাঁচামাল ও যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এই নির্ভরতা কমাতে দেশেই প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তি উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে এবং ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশীয় চাহিদা মেটানোর উদ্যোগ নিতে হবে।

দেশের জনসংখ্যার একটি বড় অংশের জীবন-জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, পোশাকশিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০ লাখ মানুষ যুক্ত রয়েছেন এবং তাঁদের পরিবারের প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষের জীবন এই খাতের সঙ্গে সম্পৃক্ত। শ্রমিকদের জীবনযাত্রার মানের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান ১২ হাজার টাকা প্রারম্ভিক বেতনে একজন শ্রমিকের পক্ষে বাড়িভাড়া, খাবার, সন্তানের পড়াশোনা ও চিকিৎসা খরচ চালানো অত্যন্ত কঠিন। আবার অন্যদিকে শিল্পের উৎপাদন ও মুনাফা নিশ্চিত না হলে মালিকদের পক্ষেও অতিরিক্ত মজুরি দেওয়া সম্ভব নয়। তাই শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষার্থে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুদূরপ্রসারী পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি। শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তার দ্রুত বাস্তবায়ন দেখতে চান বলেও তিনি উল্লেখ করেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। সংশ্লিষ্ট মন্ত্রীরা পরিস্থিতির উন্নতির কথা বললেও তা বাস্তবে মানুষের স্বস্তি ফেরাতে পারেনি। চাঁদাবাজির যন্ত্রণার কারণেই আজ দ্রব্যমূল্য দ্বিগুণ বা তিন গুণ হয়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, শিল্প খাতেও এই চাঁদাবাজির নেতিবাচক প্রভাব পড়ছে। সরকার ও বিরোধী দল উভয়েই এই সমস্যা অনুভব করলেও সম্মিলিতভাবে এর সমাধান না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং চাঁদাবাজি বন্ধে সরকারকে অবিলম্বে মজবুত ও কঠোর সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন। পরিশেষে তিনি সরকারের দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনগণের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা বিধানই সরকারের প্রধান কাজ এবং সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে তবেই সঠিক রোগ নির্ণয় ও সমাধান করতে হবে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো