ঢাকা: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
খালিদ মনসুর বলেন, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।