ঢাকা: বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘ সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাধীনতা অর্জনের পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন এবং যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ছিল অনেক অপেক্ষার। ১৯৪৭ সালে দেশ ভাগের পরও গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। তিনি বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রতিহত করেছে।
স্পিকার আরও বলেন, বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনে স্বৈরাচারী শাসনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়। গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত সরকার ক্ষমতাকে স্থায়ীভাবে কুক্ষিগত করেছিল বলে তিনি উল্লেখ করেন। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে অভিহিত করেন তিনি।
সাক্ষাৎকালে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এটি পর্যবেক্ষণ করেছে। স্লোভেনিয়া সরকার বাংলাদেশের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী বলেও তিনি জানান।
বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়, রোহিঙ্গা সংকট সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্লোভেনিয়া দূতাবাসের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।